Saturday, December 9, 2017

পাইকগাছায় সহকারী শিক্ষা অফিসারের উপর প্রতিপক্ষের হামলা

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষা অফিসারের স্ত্রী স্কুল শিক্ষিকা ললিতা নাথ বাদী হয়ে প্রতিপক্ষ প্রতিবেশী দম্পতিকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন।


প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের মৃত বিমল কৃষ্ণ সাহার ছেলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার সাথে প্রতিবেশী এক পরিবারের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ রঞ্জন সাহা বাজার থেকে প্রয়োজনীয় কাজ সেরে বাড়ির সামনে পৌছালে প্রতিপক্ষ প্রতিবেশী পরিবারের সদস্যসহ অজ্ঞাতনামা ৩-৪ জন সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহাকে পিটিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহত বিদ্যুৎ রঞ্জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কপিলমুনি বধ্যভূমিতে মাছের হাট

পাইকগাছার কপিলমুনি বধ্যভূমিতে ২০১৩ সালে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হলেও অর্থাভাবে মাঝপথে বন্ধ হয়ে যায়। চলতি বছর ২৫ মার্চ এমপি আলহাজ্ব শেখ মোঃ নূরুল হক পুনরায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তারপর আজও সংস্কার বা পুনঃনির্মাণ শুরু হয়নি।

এদিকে কপিলমুনি বধ্যভূমির এই অসম্পূর্ণ স্মৃতিস্তম্ভের উপর প্রতিদিন বসছে মাছের হাট।

ছবি তুলেছেন :: মহানন্দ অধিকারী মিন্টু

যুগপূর্তি অনুষ্ঠান আজ বিকেলে

সময়ের পরিক্রমায় দীর্ঘ এক যুগ পার করেছে ঢাকাস্থ পাইকগাছা সমিতি। যুগপূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৯ ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকার তোপখানা রোডের বিএমএ অ‌ডি‌টো‌রিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।


উল্লেখ্য, 'পাইকগাছার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ' - এমন স্লোগান নিয়ে ১২ বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকায় বসবাসকারী পাইকগাছা উপজেলার সন্তানদের নিয়ে গঠিত সংগঠনটি।

যুগপূর্তি অনুষ্ঠান সম্পর্কিত কোন প্রয়োজনে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন পাইকগাছা সমিতির সভাপতি জিএম কেরামত আলী ও সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার।

০১৭১৬-৬০১৪৫৮ || ০১৭২৭-৫৪৯৫৯৭
০১৯১৬-০৩৯৭৬৬ || ০১৭১৩-২৪৩৫৬৫