Monday, December 18, 2017

পাইকগাছায় ফেনসিডিলসহ আটক ২

পাইকগাছা পৌর সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার এসআই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাবু গাইনের বাড়ি থেকে ভাড়াটিয়া প্রফুল্ল মান্নার ছেলে পল্লব মান্না বাবু (৪৫) ও রমেছা বেগম ওরফে মঞ্জুয়ারা (৩৫) নামে এক গৃহবধূকে ৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন।


অটক পল্লব ভাড়াটিয়া হিসেবে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। তার বাড়ি যশোরে। অন্যদিকে মঞ্জুয়ারা পাটকেলঘাটার তেচ্ছি গ্রামের ঠিকানা দিলেও পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Saturday, December 16, 2017

'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী | আজকে সময় পিছু ফিরে দেখার

আজ ১৬ই ডিসেম্বর 'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ৫টি বছর পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি আমরা। 

১৮২৫ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে।


একটি কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমাদের লক্ষ্য ছিল পাঠক সংখ্যা বৃদ্ধি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং পাঠকের সংবাদ তৃষ্ণাকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যে নিরলস কাজ করে গেছি।

প্রিয় পাঠক, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৫ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে আনবে আরও ভালোকে।

Friday, December 15, 2017

নারী ভ্যানচালক পাইকগাছার হেনা পারভীন

ভ্যানের চাকায় সংসার চলে তার। আত্মপ্রত্যয়ী ও জীবনযুদ্ধে সংগ্রামী নারী হেনা পারভীন, জীবিকা নির্বাহের জন্য তিনি বেছে নিয়েছেন ভ্যানচালকের পেশা। হেনা পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আব্দুল করিমের কন্যা। 


স্বামী মারা যাওয়ার পর থেকে পিতার বাড়িতে থেকে সংগ্রামী জীবন যাপন করছেন হেনা। তার দুই সন্তানকে নিয়ে গদাইপুর ইউনিয়নের বিরাশীর একটি খাস জমিতে খুপড়ি ঘরে বসবাস করেন।

পুরুষের সাথে সমান তালে ভ্যান চালিয়ে রোজগার করেন তিনি। ভ্যান চালানোর পাশাপাশি গ্রাম থেকে জ্বালানি কাঠ ও শাক-সবজি ক্রয় করে পাইকগাছা পৌরসভায় ফেরি করে বিক্রি করেন।

স্বামী মৃত্যুর পর ভূমিহীন পরিবারের এ আত্মপ্রত্যয়ী নারী জীবনযুদ্ধে অবিরাম সংগ্রাম করে চলেছেন।