Sunday, December 24, 2017

পাইকগাছায় ৩১ ক্যাথলিক মিশনে বড়দিন উদযাপন

সকল প্রস্তুতি সম্পন্ন করে রোববার দিবাগত রাত ১২টা থেকে পাইকগাছা উপজেলার ৩১টি ক্যাথলিক মিশনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র বড়দিন। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি। 


বড়দিন উপলক্ষে রঙ তুলির আঁচড়ে পরিপাটি করে সাজানো হয়েছে পাইকগাছা পৌর সদরের ক্যাথলিক মিশন এলাকার প্রতিটি বাড়ি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ির আঙ্গিনা। সড়ক ও বসতবাড়ির সামনে অনেকেই ঝুলিয়েছেন বড়দিনের শুভেচ্ছা সম্বলিত ব্যানার। মেহেদী আর নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।


প্রতি বছরের ন্যায় এবারও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, গড়ইখালী ক্যাথলিক চার্চ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার চার্চ, পৌরসভার ৬নং ওয়ার্ডের ওয়েস্টলিয়ান চার্চ, গংরক্ষী টালিথা কুমি, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসপি মিশন, মামুদকাটী এসডি মিশন, গ্রেস ব্যাপটিস্ট চার্চ, কাশিমনগর এসডি মিশন, উত্তর কাশিমনগর এফসিসিবি চার্চ, কাশিমনগর গ্রেস চার্চ, সলুয়া এফসিসিবি চার্চ, উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট চার্চ, উলুডাঙ্গা এফসিসিবি চার্চ, হরিঢালী ফোর-স্কয়ার ও টালিয়া কুমি চার্চ, পুরাইকাটী এফসিসিবি চার্চ, দেবদুয়ার টালিথা কুমি চার্চ, বাঁকা ভবানীপুর ম্যাথডিস্ট কাশিমনগর ওয়েস্টলিয়ান চার্চ, কাশিমনগর ম্যাথডিস্ট চার্চ, বাতিখালী গুচ্ছগ্রাম ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ ক্যাথলিক চার্চ, কাঠিপাড়া ক্যাথলিক চার্চ, খ্রীষ্টো মন্ডলী চার্চ খ্রীষ্টীয়, ভবানীপুর ওয়েস্টলিয়ান চার্চ, গদাইপুর ম্যাথডিস্ট চার্চ ও কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট চার্চসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


ইতোমধ্যে মিশনগুলোতে গেট, প্যান্ডেল ও আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

ছবি তুলেছেন :: মোঃ আব্দুল আজিজ

Wednesday, December 20, 2017

পাইকগাছায় ক্লিনিকের টাকা পরিশোধে নবজাতক কন্যাকে বিক্রি

অভাবের সংসারে তৃতীয় কন্যা সন্তান, তাই নবজাতক শিশু কন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল পাইকগাছার এক দম্পতি। নবজাতকের সুন্দর ভবিষ্যতের চিন্তায় এবং ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের কথা ভেবে জন্মের পরের দিন পাইকগাছা পৌর এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে ৪ হাজার ২০০ টাকায় নবজাতক শিশুটিকে বিক্রি করে তার বাবা মা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের দিলিপ সরদারের স্ত্রী সুভাসী সরদার গত ১২ ডিসেম্বর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এ পরিবারে আরও ২টি কন্যা সন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়।

বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার সকালে হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়। 

অভাবের সংসারে পরপর ৩টি কন্যা সন্তান হওয়ায় দুশ্চিন্তায় পড়েন দিলিপ দম্পতি। একদিকে অভাবের সংসারে সন্তানের ভবিষ্যতের চিন্তা অন্যদিকে ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের চিন্তা। তাই শেষমেশ নবজাতক কন্যা সন্তানকে ৪ হাজার ২০০ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে বাধ্য হন এই দম্পতি। 

এ ব্যাপারে শিশুটির পিতা দিলিপ সরদার জানান, অভাবের কারনেই শিশুটিকে বিক্রি করতে হয়েছে।

এদিকে লক্ষ্মণ চন্দ্র সরদার নবজাতক কেনার কথা স্বীকার করে জানান, আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে নবজাতককে নিয়ে আসিনি। দিলিপ দম্পতি ক্লিনিকের পাওনা টাকা পরিশোধের জন্য ৪ হাজার ২০০ টাকার বিনিময়ে তাদের নবজাতক কন্যা সন্তানকে আমাদের কাছে দিতে রাজি হয়। আমাদের কোন সন্তান না থাকায় শিশুটিকে পেয়ে তারা অনেক খুশি।

ফারিন হাসপাতালের মিন্টু জানান, জন্মের পরের দিন ক্লিনিকের বিল পরিশোধ করে সন্তান নিয়ে তারা চলে যায়। বিক্রি করেছে কিনা এ বিষয়টি আমার জানা নেই।

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দম্পতি

পাইকগাছায় মন্দিরের জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছে।


মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের সম্পত্তি ও মন্দিরে জমিদাতা মৃত রণজিৎ ঘোষের ছেলে নারায়ন চন্দ্র ঘোষের সাথে প্রতিপক্ষ একই এলাকার মৃত মনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার কিছু দিন পূর্বে প্রতিপক্ষরা মন্দিরের সামনে বাথরুম তৈরী করার চেষ্টা করলে প্রতিপক্ষদের সাথে মন্দির কমিটি ও নারায়ণ ঘোষের বিরোধ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত শুক্রবার বিকেলে প্রতিপক্ষরা নারায়ণ ঘোষের সম্পত্তির ঘেরা-বেড়া ও মন্দিরের আসবাব পত্র ভাংচুর করতে থাকলে এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন নারায়ণ ঘোষ (৫৫) ও তার স্ত্রী বীথিকা ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে বীথিকা ঘোষের অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীথিকার মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী বাদী হয়ে প্রতিপক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ৭ জনকে আসামি করে থানায় মামলা করেছে। যার নং-১৯, তাং-১৬/১২/১৭ ইং।