Monday, December 25, 2017

গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড; ১০টি ঘর ভস্মীভূত

পাইকগাছার গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। আংশিক পুড়ে গেছে আরও ১০টি ঘর। মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালী বাজার সংলগ্ন শিবসা নদীর পাড়ে আবাসন প্রকল্পে রান্নার চুলার পাশে রাখা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া ১০টি ঘরের আংশিক পুড়ে যায়।

২০টি পরিবারের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।



পাইকগাছায় রোহিঙ্গা আটক

পাইকগাছায় স্থানীয় জনতার সহায়তায় ফেরমান নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গা ফেরমান (৬০) কে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।



পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক রোহিঙ্গা নাগরিক ভিলেজ পাইকগাছার মোটরসাইকেল স্ট্যান্ড মোড়ে ঘোরাঘুরি করছিল। তার সাথে দুটি বস্তা ছিল। এ সময় তার গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তার ভাষা বোঝা না যাওয়ার কারণে কাগজ কলম দিয়ে তার পরিচয় জানান চেষ্টা করি। এলোমেলো লেখা মিলিয়ে পরিচয় জানা যায়, সে মায়ানমারের নাগরিক, তার নাম ফেরমান, পিতা- আরমুন, গ্রাম- বাউনডরিং। 

পরে দুপুর দেড়টার দিকে ফেরমানকে চট্টগ্রামগামী বাসযোগে কক্সবাজারের কুতুপালং শরনার্থী ক্যাম্প পুলিশের নিকট ফেরত পাঠানো হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে, যার নং- ১১৪৪, তারিখ- ২৫/১২/১৭।

Sunday, December 24, 2017

পাইকগাছায় ৩১ ক্যাথলিক মিশনে বড়দিন উদযাপন

সকল প্রস্তুতি সম্পন্ন করে রোববার দিবাগত রাত ১২টা থেকে পাইকগাছা উপজেলার ৩১টি ক্যাথলিক মিশনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র বড়দিন। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি। 


বড়দিন উপলক্ষে রঙ তুলির আঁচড়ে পরিপাটি করে সাজানো হয়েছে পাইকগাছা পৌর সদরের ক্যাথলিক মিশন এলাকার প্রতিটি বাড়ি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ির আঙ্গিনা। সড়ক ও বসতবাড়ির সামনে অনেকেই ঝুলিয়েছেন বড়দিনের শুভেচ্ছা সম্বলিত ব্যানার। মেহেদী আর নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।


প্রতি বছরের ন্যায় এবারও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, গড়ইখালী ক্যাথলিক চার্চ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার চার্চ, পৌরসভার ৬নং ওয়ার্ডের ওয়েস্টলিয়ান চার্চ, গংরক্ষী টালিথা কুমি, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসপি মিশন, মামুদকাটী এসডি মিশন, গ্রেস ব্যাপটিস্ট চার্চ, কাশিমনগর এসডি মিশন, উত্তর কাশিমনগর এফসিসিবি চার্চ, কাশিমনগর গ্রেস চার্চ, সলুয়া এফসিসিবি চার্চ, উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট চার্চ, উলুডাঙ্গা এফসিসিবি চার্চ, হরিঢালী ফোর-স্কয়ার ও টালিয়া কুমি চার্চ, পুরাইকাটী এফসিসিবি চার্চ, দেবদুয়ার টালিথা কুমি চার্চ, বাঁকা ভবানীপুর ম্যাথডিস্ট কাশিমনগর ওয়েস্টলিয়ান চার্চ, কাশিমনগর ম্যাথডিস্ট চার্চ, বাতিখালী গুচ্ছগ্রাম ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ ক্যাথলিক চার্চ, কাঠিপাড়া ক্যাথলিক চার্চ, খ্রীষ্টো মন্ডলী চার্চ খ্রীষ্টীয়, ভবানীপুর ওয়েস্টলিয়ান চার্চ, গদাইপুর ম্যাথডিস্ট চার্চ ও কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট চার্চসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


ইতোমধ্যে মিশনগুলোতে গেট, প্যান্ডেল ও আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

ছবি তুলেছেন :: মোঃ আব্দুল আজিজ