Sunday, March 31, 2013

নিষেধাজ্ঞা !

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হয়ে ২৮ মে শেষ হবে। পরীক্ষার দিনগুলোতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নির্বাহী ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।

►পরীক্ষার দিন সকাল আটটা হতে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চর্তুদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তি একত্রে চলাচল ও মিছিল করতে পারবেন না।
 
►পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বহন করতে পারবেন না।

►পরীক্ষা কেন্দ্রের চারপাশ কেউ কোন প্রকার লাউড স্পিকার বা ঐ জাতীয় কোন শব্দযন্ত্র দিয়ে শব্দ করতে পারবেন না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ জারী করেছেন।

পাইকগাছায় ডাকাত আটক

পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত এক ডাকাতকে আটক করেছে। আটকের পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, একাধিক হত্যা প্রচেষ্টা ও ডাকাতি মামলার আসামী উপজেলার রাড়ুলী গ্রামের আবুল হোসেন সরদারের পুত্র আব্দুস সামাদ সরদার (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বেলা ১টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে আটক আব্দুস সামাদ বলেন, পাবনায় ইটের ভাটায় কর্মরত ছিলাম। গত ২ দিন আগে বাড়ী ফিরেছি। তার বিরুদ্ধে ইতোপূর্বে মামলা থাকলেও কি জন্য আটক করা হয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে এস,আই আব্দুল খালেক জানান।

উল্লেখ্য, ইতোপূর্বে আটককৃতের বিরুদ্ধে রাড়ুলী ইউপি চেয়ারম্যানকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা হয়। এছাড়াও সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।


শুক্র-শনি খোলা থাকবে ব্যাংক

“হরতাল থাকলেই সপ্তাহের সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ব্যাংক-বীমাসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থনৈতিক ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখেই দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে,” বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বিভিন্ন জাতীয়, দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “হরতালের কারণে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ দিতে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যাংকের সকল এডি (অথোরাইজড ডিলার) শাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার শুক্রবারও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহনগুলোও চালু থাকবে।”