Thursday, April 4, 2013

সাপ্তাহিক ছুটি একদিন করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে সরকারি অফিসে দুই দিনের পরিবর্তে একদিন সাপ্তহিক ছুটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে শনিবার সরকারি অফিস খোলা থাকবে। এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সাপ্তাহিক ছুটি কেবল শুক্রবার ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তার স্বাক্ষর করলে তা কার্যকর হবে।

১৯৯৬ সালে আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় আসার পর সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে দুদিন করা হয়। পরে ২০০১ সালে বিএনপির ক্ষমতায় এসে দুদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে শুক্রবার সাপ্তাহিক ছুটি করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার করে।

এ বিষয়ে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবাহান শিকদার নতুন বার্তাকে বলেন, “এ ধরনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে স্বাক্ষর করলে তা পরে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী স্বাক্ষর না করলে তা হবে না।”


কপিলমুনিতে কপোতাক্ষের কান্না চলচিত্রের শুটিং ও শুভ মহরত

বুধবার সকাল ৯ ঘটিকায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপোতাক্ষের কান্না ছবির শুভ মহরত ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরেকৃঞ্চ দাশ। মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আফসার আলী, এম বজলুর রহমান এবং ছবির কাহিনী সংলাপ ও চিত্র নাট্যকার সাঈদ হোসেন লাভলু।

নাট্যকার মৃতপ্রায় কপোতাক্ষ নদী অববাহিকার মানুষের দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার কাহিনী নিয়ে ছায়াছবি তৈরী করে দেশের মানুষ, সরকার এবং আর্ন্তজাতিক মহলের দৃষ্টি আকর্ষন করে কপোতাক্ষ খননের আন্দোলনকে বেগবান করার জন্যে এই ছবি নির্মান করতে চান। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে সহচরী বিদ্যামন্দিরের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।


কপিলমুনির নোয়াকাটি অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

কপিলমুনির নোয়াকাটি সার্বজনীন পূজা মন্দিরে অষ্ট প্রহরব্যাপী ২য় তম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশমার্তৃকা ও বিশ্ব জননীর সকলের মঙ্গল কামনায় মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন নোয়াকাটি মহানাম যজ্ঞ কমিটি। এতে অত্র এলাকাসহ দুরদুরন্ত থেকে সনাতন হিন্দু ধর্মের ধর্মপ্রাণ হাজার হাজার ভক্তবৃন্দ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন।

গত ১৮ই চৈত্র ১লা এপ্রিল থেকে অনুষ্ঠানের শুভসূচনা হয় এবং ২০ চৈত্র ৩রা এপ্রিল উষালগ্নে মহানাম সমাপন, কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে।