Tuesday, April 16, 2013

সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সৃষ্ট ঘটনার সমাধান ও সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার লক্ষ্যে স্থানীয় এমপি’র হস্তক্ষেপে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরকারি ডাকবাংলায় উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। সভায় হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সৃষ্ট সমস্যা সমাধান ও সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য স্বপন রায়কে প্রধান করে ইউপি চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিরসন করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, গত শনিবার বিকালে জায়গাজমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা উপজেলার দেলুটির সরদার পাড়ায় ১৫টি সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুটপাট চালায়। অপরদিকে প্রতিবেদনের জন্য মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া। এছাড়াও ঘটনার প্রতিবাদে বুধবার মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেছে স্থানীয় দেলুটি নাগরিক কমিটি।

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় শিশু আহত

পাইকগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ বছরের এক শিশু মারাত্মক আহত হয়েছে। আহত শিশু ইয়াছির আরাফাত গত ৩দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত রোববার সকাল ১১ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেন সানা’র শিশুপুত্র ইয়াছির আরাফাত প্রধান সড়ক পার হওয়ার সময় উপজেলা সদর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী মটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারাত্মক আহত হয়। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান।


পাইকগাছায় ১৫ সংখ্যালঘু বাড়ীতে সন্ত্রাসী হামলা; ভাংচুর, লুটপাট

পাইকগাছায় সন্ত্রাসীরা সংখ্যালঘু ১৫ বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে গত শনিবার বিকালে সন্ত্রাসীরা উপজেলার দেলুটি সরদার পাড়ায় এ হামলা চালায়। হামলায় মহিলাসহ প্রায় ১০জন আহত হয়। ঘটনার পর আতংকে অনেকেই বাড়ী-ঘর ছেড়ে অনত্র চলেগেছে। এ ঘটনায় চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে এলাকাবাসী।

ওয়ার্ড আ’লীগের সভাপতি শিবপদ ও উপজেলা আ’লীগের সাবেক নেতা নিরাঞ্জন রায় বলেন, জায়গা জমি নিয়ে বিরোধ থাকতে পারে। কিন্তু ঘটনার দিন অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর হামলা এলাকায় মানবিক বিপর্যয় ঘটেছে। ঘটনাস্থলের পাশেই নদীতে পুলিশ ও আ’লীগের এক প্রভাবশালী নেতা একটি ট্রলারে অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান, রোববার সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে দু’পক্ষ দু’রকম মন্তব্য করেছে বলে তিনি জানান এবং আংশিক ক্ষয়-ক্ষতির কথা স্বীকার করেন।