Saturday, April 27, 2013

সাভারে নিহতদের স্মরনে পাইকগাছায় শোকসভা ও দোয়া অনুষ্ঠান

গত ২৪ এপ্রিল সাভার রানা প্লাজা ধসে নিহত, আহত ও এখনও যারা আটকে আছে তাদের জন্য পাইকগাছা পৌর ইমাম পরিষদের উদ্যোগে শোকসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বিকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-পৌর ইমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলাইমান হোসাইন নোমানী, মাওঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন-মাওঃ রইসুল ইসলাম, স.ম আব্দুর জব্বার, হাফেজ নূর হোসাইন, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম, মুফতি ইয়াস হোসাইন, মাওঃ সাইফুল ইসলাম। বক্তারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি হাফেজ মাওঃ জালাল উদ্দিন।


এক সপ্তাহেও জমেনি খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

উদ্বোধনের এক সপ্তাহ অতিবাহিত হলেও জমেনি খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। হরতাল-বৃষ্টি মাথায় নিয়ে শুরু হওয়া এবারের মেলা রাজনৈতিক অস্থিরতার জালে আটকে যেতে পারে এমন মন্তব্যও করেছেন অনেকে। সেই সাথে মেলা শুরুর ৫ দিনের মাথায় সাভারে ভবন ধসে তিন শতাধিক লোকের প্রাণহানির ঘটনায়ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে চলছে শোকার্ত পরিবেশ। যে কারণে খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমতে আরও সময় লাগবে এমন মন্তব্য সংশ্লিষ্টদের।


এদিকে মেলা শুরুর ৭ দিনের মাথায় গতকাল শুক্রবার থেকে টিকিট গ্রহণ শুরু হলেও এখনও অনেক স্টল ও প্যাভিলিয়নই রয়েছে ফাঁকা। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত এ মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটি। নগরীর সার্কিট হাউজে মাসব্যাপী চলমান এ মেলা অভ্যন্তরে গিয়ে দেখা গেছে, ১৩৬টি স্টলের প্রায় অর্ধেকই এখনও ফাঁকা। সেই সাথে ১৫টি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকলেও সেগুলোও ফাঁকা দেখা গেছে আগোছালোভাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ এপ্রিল খুলনা সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার ৮ম দিনে গতকাল বিকেলে টিকিট বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকলেও কোন টিকিট ছিল না।

আজ শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০টাকা দর্শনীয়র বিনিময়ে প্রবেশ করা যাবে মেলাভ্যন্তরে।

রোববারের মধ্যে রানা গ্রেফতার না হলে বৃহস্পতিবার হরতাল

রোববারের মধ্যে সাভার ট্রাজেডির মূল হোতা যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বামমোর্চা ও সিপিবি-বাসদ। শনিবার সকালে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বামমোর্চা ও সিবিপি-বাসদএ হরতালের ডাক দেয়। এর আগে শুক্রবার গণতান্ত্রিক বামমোর্চার এক সভায় সাভারে ভবনধসের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ২৮ এপ্রিলের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।