Monday, May 27, 2013

পাইকগাছায় বিপাকে তরমুজ চাষীরা

পাইকগাছায় চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও ঘন ঘন হরতাল, অতিরিক্ত বৃষ্টিপাত, বিক্রয়মূল্য কম ও চাহিদা না থাকায় বিপাকে পড়েছে তরমুজ চাষীরা। সম্প্রতি ‘ঘুর্ণিঝড়ের প্রভাব ও অতিরিক্ত বৃষ্টিপাতে পানি জমে প্রায় ৩০ শতাংশ তরমুজ নষ্ঠ হয়েছে বলে চাষীরা জানান।

সুত্রমতে, উপজেলার দেলুটি ও গড়ইখালীতে ১৮৫ হেক্টর জমিতে ভিক্টর সুপার, ওয়াল্ড পেইন, চাইনিজ হাইব্রিড ও ওয়াল্ড কুইনসহ কয়েকটি উন্নত জাতের তরমুজের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও মৌসুমের শেষদিকে এসে ঘন ঘন হরতাল, অতিরিক্ত বৃষ্টিপাত ও বাজারে চাহিদা না থাকায় তরমুজ নিয়ে বিপাকে পড়েছে ৪ শতাধিক কৃষক।

দেলুটি ২২ নং পোল্ডারের কৃষক তারাপদ মন্ডল জানান চলতি বছর তিনি ৮ বিঘা জমিতে তরমুজের আবাদ করছেন হেক্টর প্রতি ৪৫ টন উৎপাদন হলেও ঘন ঘন হরতালের কারনে বিগত বছরের তুলনায় পাইকারী ক্রেতা কম থাকায় সময়মত তরমুজ বিক্রি করতে পারেনি। অপরদিকে সম্প্রতি ঘুর্নিঝড়ের প্রভাব ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে প্রায় ৩০ শতাংশ তরমুজ ক্ষেতে নষ্ঠ হয়ে যাচ্ছে।

পাটনিখালী গ্রামের তোফাজ্জেল ঢালী জানান অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় তরমুজ এখন গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। চলতি বছর প্রত্যেকটি তরমুজ চাষীকে চরম লোকসান দিতে হবে বলে তিনি জানান। খুচরা ব্যবসায়ী পরিমল জানান বিগত বছরের তুলনায় কেজি প্রতি ৫ টাকা কমে বিক্রি করা হলেও তেমন কোন ক্রেতা নেইবলে তিনি জানান। উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা জানান-গরমের সময় তরমুজের চাহিদা একটু বেশি থাকে, চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চাহিদা কমে যাওয়ার কারনে বাজার মূল্য কম হওয়ায় অন্যতম কারন বলে তিনি জানান। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০ হেক্টর জমির তরমুজ ফসল নষ্ঠ হয়েছে বলে তিনি জানান।

পাইকগাছায় হরতালে পিকআপ ভাংচুর; নিস্ক্রিয় বিএনপি নেতাকর্মীরা

পাইকগাছায় বিক্ষিপ্ত ভাংচুরের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে হরতালের শুরুতেই খুলনা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-ট-১১-০০২২ নং একটি পিকআপ বোয়ালিয়া মোড় নামকস্থানে পৌছালে জামায়াত-শিবির সমর্থিত পিকেটাররা ইট, পাটকেল ছুড়ে পিকআপটি ভাংচুর করে।

এসময় পিকআপের ভিতরে থাকা মাছ ব্যবসায়ী সুমন আহমেদ ইটের আঘাতে সামান্য আহত হয় বলে চালক সোহরাব হোসেন জানান। এর আগে খুব ভোরে জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মী কোট মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে দ্রুত গতিতে টিএন্ডটি অফিসের সামনে গিয়ে শেষ করে। হরতালে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি, সকালের দিকে দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ দোকনপাট খুলে রাখে। অফিস আদালতের উপস্থিতি ও ব্যাংক, বীমার লেনদেন ছিল স্বাভাবিক। এবারের হরতালে ১৮ দলীয় জোটের প্রধান বিএনপি’র বিবাদমান দু’গ্র“পের নেতাকর্মীরা ছিল অনেকটাই নিস্ক্রিয়। স্থানীয় পরিবহন চত্ত্বর ও কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে কিছু নেতাকর্মীকে বসে থাকাছাড়া তেমনকোন তৎপরতা চোখে পড়েনি। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোতায়েন করা হয় পুলিশ।

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায়

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নগদ সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও ফরমালিনযুক্ত ৩ মন আম বিনষ্ট করেছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার গদাইপুরের রুস্তম আলীর ফরমালিন মেশানোর অভিযোগে ৩মন আম জব্দ পূর্বক বিনষ্ট এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 


এরপর নতুন বাজার শংকর ঘোষের নিকট হতে ৫শ, কনক অধিকারী ৫শ, স্বপন বিশ্বাস ৫শ, মা বেকারী ১ হাজার, মুক্তর সেট পাইকগাছা বাসস্ট্যান্ড ৫শ, কনক ঘোষ ৫শ টাকা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, পেশকার দিপংকর মন্ডল।