Tuesday, June 18, 2013

কপিলমুনি প্রেসক্লাব নির্বাচনের তপশীল ঘোষনা; ২৬ জুন ভোট গ্রহন

কপিলমুনি প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের তপশীল ঘোষনা করা হয়েছে। ১২ জুন বিকাল ৫টায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের কার্যলয়ে নির্বাচন কমিশনারবৃন্দের অনুষ্ঠিত সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সকল প্রস্তুতি সম্পন্ন করে গত ১৪ জুন বিকাল ৪টায় প্রেস ক্লাবের সদস্যদের জ্ঞাতার্থে উক্ত তপশীল ঘোষনা করা হয়।

তপশীল অনুযায়ী ১৭ জুন সোমবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ জুন মঙ্গলবার মনোনয়ন পত্র বিক্রয়, ১৯ জুন বুধবার মনোনয়ন পত্র জমা ও বাছাই, ২০ জুন মনোনয়ন পত্র প্রত্যাহার। প্রেস ক্লাব ভবনস্থ নির্বাচন কমিশনের কার্যলয়ে নির্দ্ধারিত তারিখে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সকল কার্যক্রম চলবে এবং আগামী ২৬ জুন বুধবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ সহর আলী গাজী প্রধান নির্বাচন কমিশনার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অবশেষে নিষিদ্ধ হলো রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার

“সহিংস রাজনীতির শিকার দেশের কোমলমতি শিশুকিশোররা” শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ সংস্থায় সংবাদ প্রকাশের পর অবশেষে শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার করলে শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে পাশ হলো শিশু আইন ‘১৩ বিল। আইনটি শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দিয়েছেন শিশু অধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

সুত্রমতে, নানা ইস্যুতে দেশে গত কয়েকমাসের সহিংস রাজনীতির শিকার হয় অসংখ্য কোমলমতি শিশু-কিশোররা। অধিকার ক্ষুন্ন করে কোমলমতি শিশু কিশোরদের যথাইচ্ছা রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার করার ফলে মানষিক বিপর্যয় ঘটার আশংকায় উদ্বেগ প্রকাশ করে শিশু অধিকার সংগঠনগুলো।

গত কয়েকমাসের পরিসংখ্যানে দেখা যায়, ১৩ এপ্রিল ২০১৩ জামায়াতের ডাকা খুলনা জেলায় অর্ধদিবস হরতালে খুলনার পাইকগাছায় শিবিরের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার সময় টায়ারের আগুনে অগ্নিদগ্ধ হয় গোপালপুর গ্রামের নজরুল দপ্তরীর ১১বছরের শিশুপুত্র জাহিদুল ইসলাম। আগুনে তার একটি পা ঝলসে যায়।

৬ এপ্রিল শিবিরের সকাল-সন্ধ্যা হরতালে পিকেটারদের ইটের আঘাতে মারাত্মক আহত হয় ফরিদপুরের ৬ বছরের শিশু সোহান, ককটেল বিষ্ফোরনে আহত হয় চট্টগ্রামের স্কুলছাত্রী অন্তু বড়ুয়া, ১৯ ফেব্রুয়ারী পাইকগাছা উপজেলা সদরে ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করার অপরাধে আটক হয় কয়রার কালিকাপুর গ্রামের মাদ্রাসাছাত্র কিশোর মোহাম্মদ সানাউল্লাহ, ৭ ফেব্রুয়ারী জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে লাঠিচার্জের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয় কিশোর মোজাফফার হোসাইন, ৫ ফেব্রুয়ারী উপজেলা সদরে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করার সময় অগ্নিদগ্ধ হয় আব্দুল কাইয়ুম নামের এক কিশোর শিবিরকর্মী।

এভাবেই প্রতিনিয়ত কোন না কোনভাবেই সহিংস রাজনীতির শিকার হয় দেশের কোমলমতি শিশু-কিশোররা। এসব ঘটনার সচিত্র প্রতিবেদন সর্বপ্রথম ২০ এপ্রিল “সহিংস রাজনীতির শিকার দেশের কোমলমতি শিশুকিশোররা” শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ সংস্থায় সংবাদ প্রকাশের পর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের ইউনিসেপ। পরবর্তীতে ৫ মে হেফাজতের মহাসমাবেশে হাজারো শিশু অংশগ্রহন করলে সমাবেশে অবস্থানরত নেতাকর্মীদের অপসারনে পুলিশি অভিযানে ভয়াবহ পরিস্থিতির শিকার হয় অংশগ্রহনকারী শিশুরা।

শিশুদের এ ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে দেশের সচেতন মহলের। শিশু সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে ২২ মে সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১ তম বৈঠকে শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার বন্ধে শিশু আইন ২০১৩ প্রস্তাব করা হয়। এরপর ৫ জুন ৩২ তম বৈঠকে শিশু আইন ২০১৩ বিলের রিপোর্ট চূড়ান্ত করে সংসদীয় কমিটি। বিলটি সংসদের চলতি অধিবেশনে গত ১৬ জুন রোববার জাতীয় সংসদে পাশ হওয়ার মাধ্যমে আইনে পরিণত হলো।

আইনটি শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দিয়েছেন পাইকগাছা শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি। সম্ভাবনা রয়েছে। অবশেষে রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার না করার বিধান রেখে আইন প্রনয়ন করায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছে পাইকগাছা শিশু অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি জানান বিলটি আইনে পরিণত হলে সহিংস রাজনৈতিক কর্মকান্ডে যথাইচ্ছা ব্যবহারে সুযোগ থাকবে না। দলমত নির্বিশেষে রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার করা থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান।

Monday, June 17, 2013

পাইকগাছায় দলিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পাইকগাছায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা প্রকল্পের উদ্যোগে দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পরিত্রান আঞ্চলিক অফিস ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিত্রানের আঞ্চলিক সমন্বয়কারী আসাফুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত এসএম শহীদুল্লাহ, বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ কুমার দাশ ও বিজয় দাশ। অনুষ্ঠানে ২১ শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।