Tuesday, November 26, 2013

পাইকগাছায় ইমাম আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

পাইকগাছায় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষুদ্ধ মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

জানা গেছে, পুলিশ মঙ্গলবার সকালে হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাসস্ট্যান্ড জামে মসিজদের ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর প্রতিবাদে সকাল ১০ টার দিকে খুলনা মটরশ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রধান সড়ক জিরো পয়েন্ট এলাকায় কয়রা সড়ক ও অভ্যন্তরীন সড়কের ৪টি স্থানে মিনিবাস বেড়িকেট দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের ফলে উপজেলা সদরে প্রবেশের সকল পথ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পরে খবর পেয়ে থানার ওসি এম মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করার পর বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

প্রাথমিক সমাপনীর বুধবারের পরীক্ষা শুক্রবার

১৮ দলীয় জোটের অবরোধের কারণে বুধবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সর্বদলীয় সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি পরীক্ষা হওয়ার কথা ছিল। মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট। সচিবালয়ে নিজ দফতরে নাহিদ সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে। প্রচণ্ড চাপের মধ্যেও তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। অবরোধ প্রত্যাহারে কোনো সাড়া না দেয়ার পরীক্ষা পিছিয়ে দেয়া হলো বলে জানান নাহিদ।

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাত দেড়টায় বিএনপি’র দু'নেতাকে বাড়ী থেকে এবং সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে ইসলামী ঐক্যজোট নেতাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর নির্বাচন কাজে বাঁধা দেয়ার আশংকায় মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে ইসলামী ঐক্যজোটের উপজেলা সভাপতি, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পৌর ইমাম পরিষদের সেক্রেটারী আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করে।

এর আগে রাতে সরল গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র জেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম পারভেজ এবং পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরদার মনিরুজ্জামান (ডিপজল মনি) কে আটক করা হয়।

নির্বাচনী কাজে বাঁধা প্রদানের আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী তফশীল প্রত্যাখান করে বাসস্ট্যান্ড সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্ঠা করলে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।