Wednesday, December 4, 2013

পাইকগাছায় একাধিক কলেজের নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেলো

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় পাইকগাছায় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়লেন সংসদ সদস্য ও তার মনোনিত প্রতিনিধিগণ। ফলে ঝুলে গেল প্রক্রিয়াধীন অনেক কলেজের নিয়োগপ্রক্রিয়া।

গত ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/কঃপঃ/৬৯৩৩ নং স্মারকপত্র সুত্রে জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য (পুনরাদেশ না দেয়া পর্যন্ত) যে সকল কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনিত প্রতিনিধিগণ গর্ভনিং বডি/এডহক কমিটির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্বরত আছেন সে সকল কলেজে সংশোধন সংবিধি ১৯৯৮-এর ৬ ধারামতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতাবলে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রজ্ঞাপন তাৎক্ষনিকভাবে কার্যকর হওয়ার ফলে উপজেলার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ, কপিলমুনি কলেজ ও আর কে বি কে হরিশ্চচন্দ্র ইনষ্টিটিউটসহ কয়েকটি কলেজের সভাপতি পদ থেকে বাদ পড়লেন স্থানীয় এমপি এ্যাড, সোহরাব আলী সানা। এদিকে সভাপতি রদবদল হওয়ার কারনে কপিলমুনি কলেজের আলোচিত অধ্যক্ষ পদ ও পাইকগাছা কলেজের গুরুত্বপূর্ণ ৪টি পদে প্রক্রিয়াধীন নিয়োগ প্রক্রিয়া ঝুঁলে গেছে।

কয়রায় ৩ স্কুল ছাত্র অপহরণ

কয়রা উপজেলায় সুন্দরবন সংলগ্ন কাশিরাবাদ থেকে ৩ জন স্কুল ছাত্রকে অপহরণ করেছে বনদস্যুরা । অপহৃতরা হলো- উপজেলার আজিজুল গাজীর ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সালেহ (১১), নূর বকস ঢালীর ছেলে ৩য় শ্রেণীর ছাত্র হাসান (৯) ও গোলাম মোস্তফা ঢালীর ছেলে ৮ম শ্রেণীর ছাত্র মোজাহিদ (১৪)।

স্থানীরা জানান, সোমবার রাত ৯টার দিকে তারা প্রাইভেট পড়ে কাশিরাবাদ পুলিশ ক্যাম্পের পাশ দিয়ে ওয়াপদা হয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিল। পথে বনদস্যুরা তাদের মুখে গামছা পেচিয়ে জোর করে নৌকায় তুলে নিয়ে বনের মধ্যে চলে যায়। পরে দস্যুরা হাসানের বাড়িতে মোবাইল করে হাসানসহ ৩ জনের মুক্তির জন্য ৩ লাখ টাকা দাবি করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা বা জিডি হয়নি বলে তিনি জানান।

Tuesday, December 3, 2013

খুবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা

আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।