Friday, March 7, 2014

পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় আচরণবিধি লংঘনের অভিযোগে সিপিবি মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম এ জরিমানা ধার্য্য করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণের উপর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করার সময় পৌর সদরে পরিবহন কাউন্টার সংলগ্ন টী স্টলে চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলের কাপ পিরিচ প্রতীকের পোস্টার দেওয়ালে লাগানো পায়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান কাগজী আর নেই

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান লস্কর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কে, এম, আরিফুজ্জামান তুহিনের পিতা অহেদুজ্জামান কাগজী আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুরে খুলনাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না................রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, অহেদুজ্জামান কাগজী ইতোপূর্বে লস্কর ইউনিয়নের ৩ বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ছিলেন।

Thursday, March 6, 2014

পাইকগাছায় ইসলামী ব্যংকের শিক্ষা উপকরণ বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’এর পাইকগাছা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভিপি মোঃ আহসানউল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগী ১৮৭ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।