Friday, June 13, 2014

পাইকগাছায় যুবককে আহত করে দুই লাখ টাকা ছিনতাই

পাইকগাছা উপজেলার রাড়ূলী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আরিজ মোল্লা (২৪) কে প্রথমে পাইকগাছা ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক কবীর মোল্লার পুত্র সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত আরিজ মোল্লা তাদের ঘেরের মাছ বিক্রির প্রায় দুই লাখ টাকা ব্যাংকে রাখার জন্য পাইকগাছা সদরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।

পথিমধ্যে একই গ্রামের দুষ্কৃতিকারীরা মটরসাইকেলযোগে এসে আরিজ মোল্লাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর আহত আবস্থায় আরিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গদাইপুর ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ

পাইকগাছার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ইমরার হোসেন নিয়মিত অফিস না করায় ইউনিয়নের জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য রেজুলেশন করে জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পাইকগাছা নির্বাহী অফিসার’সহ বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন।

সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের সচিব ইমরান হোসেন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সপ্তাহে একদিন আবার কোন সপ্তাহে মোটেও অফিসে আসেন না। এতে অফিসের কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। তার অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে না।

ফলে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছেন। ওয়ারেশ কায়েম, নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদপত্র নিতে এসে জনগণ হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়নবাসী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয় দিয়ে শুরু

দারুণ এক জয় নিয়েই ‘হেক্সা’ মিশন শুরু করল ব্রাজিল। সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাল স্কলারির দল।

ম্যাচের ১১ মিনিটেই গোল ! তাও আবার ব্রাজিলের জালে ! মার্সেলের আত্মঘাতী গোলে ম্যাচের ১১ মিনিটে গোল খেল ব্রাজিল ! ২৭ মিনিটে মডরিচকে ফাউল করে এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখলেন সেলেসাওদের বড় ভরসা নেইমার !

কার্ড দেখে যেন আরও চাঙা হয়ে উঠলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঠিক এর দুই মিনিট পরেই নেইমারের গোলেই সমতায় ফিরল ব্রাজিল।

৬৯ মিনিটে ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে বসলেন দেয়ান লোভরেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দিলেন রেফারি ইউয়ুচি নিশিমুরা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে অস্কারের গোলে চূড়ান্ত স্কোরলাইন দাঁড়াল—ব্রাজিল ৩:১ ক্রোয়েশিয়া।