Saturday, September 13, 2014

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাইকগাছায় ৮ দলীয় অনুর্ধ ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ ব্যবধানে সুন্দরবন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কলেজ পাওয়ার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি শিকদার আককাস আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু।

খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, ধারা ভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান রায়হান ও ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন প্রীতম সরকার। সেরা দর্শকের পুরস্কার পান প্রতিবন্ধী অলোক ব্যানার্জী।

পাইকগাছায় মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে মামলা

পাইকগাছায় মাদকাসক্ত যুবক আসাদুজ্জামান টিটু’র বিরুদ্ধে কারাদন্ডের পর হামলা ও চাঁদা দাবীর ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে থানা পুলিশ গাঁজা’সহ তাকে আটক করলে ভ্রাম্যমান আদালত ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
 
গত সোমবার মঠবাটী গ্রামের জ্যোতিন্দ্রনাথ সরকার’এর পুত্র রবীন্দ্রনাথ সরকার’এর নিকট চাঁদা দাবী ও বাড়ীতে প্রবেশ করে স্ত্রী নিলুর উপর হামলা ও মারপিটের ঘটনায় বুধবার রবীন্দ্রনাথ বাদী হয়ে টিটু’সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং ১৭।

কপিলমুনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের পর কান ধরে ওঠবস করানোর অভিযোগ

পাইকগাছায় ইউনিয়ন পরিষদে আদালত প্রেরিত মামলার শুনানিকালে জনসমক্ষে এক ব্যক্তিকে মারধরের পর কান ধরে ওঠবস করানোসহ একাধিক অভিযোগ উঠেছে কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমনগরের একটি মারামারির ঘটনায় সিদ্দিক সরদারের স্ত্রী জেসমিন (২৫) প্রতিপক্ষ আনছার সরদার গংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আনছার গং বিরুদ্ধে অভিযোগ (চার্জ সিট) পত্র দাখিল করে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে আনছার সরদার প্রতিপক্ষ সিদ্দিক সরদার গংদের বিরুদ্ধে অনুরূপ একটি অভিযোগ এনে একই আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কপিলমুনি ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরন করেন। গত রবিবার দু’পক্ষের উপস্থিতিতে শুনানির একপর্যায়ে সিদ্দিককে মামলা তুলে নিতে বললে সে রাজি না হওয়ায় তাকে মারধরের পর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এর নির্দেশে কুড়িবার কান ধরে উঠবস করানো হয় বলে সিদ্দিক অভিযোগ করেছেন।

নছিমন চালক সিদ্দিকের স্ত্রী জেসমিন জানিয়েছেন তার স্বামী এখনও স্বাভাবিক হতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলেও সরাসরি কেউ মুখ খুলছেন না। এদিকে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে কপিলমুনির আঃ রব মিঠু নামে এক ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে গত মাসের ১০ তারিখে থানায় সাধারন ডায়েরী করেছেন।

অপরদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রানাধীন মাতৃ ভাউচার স্কীমের কপিলমুনি ইউনিয়নে দায়িত্বরত লায়লী খাতুন, মোঃ সাইফুল ইসলাম, মুসলিমা খাতুন, জাহানারা, আঞ্জুমানারা, মোঃ আবু জাফর, তুষার সরকারসহ ১২ জন কর্মচারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ও আশোভন কথাবার্তারার অভিযোগ এনে স্থানীয় এমপি এড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন’কে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরেও লিখিত অভিযোগ করেছেন।

এ সমস্ত অভিযোগ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোনটি বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।