Tuesday, September 16, 2014

দুর্গা পূজা আসন্ন : কপিলমুনিতে ব্যস্ততার সাথে চলছে প্রতিমা তৈরীর কাজ

সমস্ত বিপদ-আপদ ও দুর্গতী নাশ করেন যিনি তিনিই দূর্গতিনাশিনী, তিনি হচ্ছেন দেবী দুর্গা। আর সেই দেবী দূর্গা প্রতি বছর একবার শরতের শুরুতেই ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ধরণীতে আসেন। হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে ব্যস্ততার সাথে চলছে প্রতিমা তৈরীর কাজ। 

এ বছর পাইকগাছা থানায় মোট ১৩৮টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে, তন্মধ্যে কপিলমুনি ইউনিয়নে ১৪টি ও হরিঢালী ইউনিয়নে ১৭টি পূজা মন্ডপে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা।

সরেজমিনে কপিলমুনি ও হরিঢালীতে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ডপেই প্রতিমা শিল্পীরা দূর্গা প্রতিমা তৈরী ও মন্দির সাজানো কাজ করে চলেছেন। কপিলমুনি ও হরিঢালীর উল্লেখযোগ্য পূজামন্ডপ যথাক্রমে, নাছিরপুর সিংহ বাড়ী পূজা মন্ডপ, কপিলমুনির কালীবাড়ী পূজা মন্ডপ, পোদ্দারপাড়া পূজা মন্ডপ, কাশিমনগর জেলেপাড়া পূজা মন্ডপ, কাশিমনগর দাশপাড়া পূজা মন্ডপ, নাবা পূজা মন্ডপ, মামুদকাটী পূজা মন্ডপ, হরিদাশকাটী পূজা মন্ডপ, হরিঢালী পোদ্দারপাড়া পূজা মন্ডপ, দক্ষিণ সলুয়া পূজা মন্ডপ, রামনাথপুর পূজা মন্ডপ, হাউলী গোয়াল বাথান, নাছিরপুর সাহাপাড়া’সহ গুরুত্বপূর্ণ অনেক মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা ১৯ মিনিটে শুভ ষষ্টি পূজার মধ্যদিয়ে দূর্গতিনাশিনী দেবী দূর্গার পূজার সূচনা ঘটবে।
এ বছর পাইকগাছা শিববাটী পূজা মন্ডপে অসংখ্য প্রতিমা দর্শনের মধ্যদিয়ে অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কপিলমুনি এলাকার সবচেয়ে আলোচিত ও জাকজমকপূর্ণ কপিলমুনির নাছিরপুর সিংহবাড়ী পূজা মন্ডপের সাধারণ সম্পাদক মানিক লাল সিংহ বলেন, এ বছর আমাদের মন্ডপে বিশেষ কোন ব্যতিক্রম আয়োজন না থাকলেও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সফল করতে চাই।

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন, পূজা উৎসব সকলের জন্য। প্রশাসন’সহ সর্বস্তরের নের্তৃন্দের সহযোগিতায় বিগত বছরের ন্যায় এবারের পূজাও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

কয়রায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কয়রায় লিটু (৩১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার উত্তরবেদকাশী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, সোমবার রাতের কোনো একসময় তাকে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে গেছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।

পাইকগাছায় পল্লী বিদ্যুতের লোড শেডিংয়ে নাজেহাল গ্রাহকরা

সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার বিষয়টি যেন রুটিনে পরিণত হয়েছে


বিদ্যুৎ প্রাপ্তিতে ফের চরম বৈষম্যের শিকার হচ্ছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি অধিনস্থ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা’র) প্রায় ২৪ হাজার গ্রাহক। ঘন ঘন ট্রিপ ও দীর্ঘস্থায়ী লোড শেডিংয়ের কারণে সার্বিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, আকাশে মেঘ জমতে দেখলেই বিদ্যুৎ চলে যায়, আর যদি সামান্য ঝড়ো হাওয়া হয়েছে তো এক-দু’দিনের মধ্যে আর বিদ্যুতের দেখা মেলে না। বিদ্যুতের এ খামখেয়ালীতে গ্রাহকদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন-ঘন ট্রিপ, লো- ভোল্টেজ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের ফলে ব্যবসা-বাণিজ্যে যেমন ধ্বস নেমেছে তেমনি শিক্ষার্থীদের লেখাপড়াসহ এখানকার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।

পৌর বাজারের কম্পিউটার কম্পোজ ও ষ্টুডিও ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। দিনভর বিদ্যুৎ না থাকায় দোকানে আয় করতে পারছি না। বিদ্যুৎ যখন থাকছে তখন মাঝে মাঝে লো-ভোল্টেজ দেখা দিচ্ছে। বাজারের মোবাইল ফোন মেকানিকরা ক্ষোভের সাথে বলেন, সারাদিন বিদ্যুৎ যাওয়া-আসা করছে। এই আসে এই যায় অবস্থা। ফলে কোন কাজ ধরে শেষ তুলতে পারছি না।

পৌর বাজারের ওষুধ ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে যেসব ওষুধ ফ্রিজে রাখতে হয় এমন অনেক ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের সামনের প্যাথলজী ব্যবসায়ীরা বলেন, বিদ্যুতের অভাবে রোগীদের পরীক্ষা নীরিক্ষা কার্যক্রম সময়মত করতে পারছিনা। ফলে রোগীদের ক্ষেত্রে ভীষণভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটছে লোডশেডিংয়ের কারণে। অভিভাবক মহল দুশ্চিস্তাগ্রস্ত হয়ে পড়েছেন ছেলেমেয়েদের লেখাপড়া নিয়ে। দিনভর সীমাহীন লোডশেডিং থাকা সত্ত্বেও প্রত্যহ সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় না। সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার বিষয়টি যেন রুটিনে পরিণত হয়েছে।