Monday, December 4, 2017

তীব্র যানজটে স্থবির কপিলমুনি বাজার

পাইকগাছার কপিলমুনি বাজারের মাঝখানে প্রধান সড়কের উপর সব সময়ই দাড়িয়ে থাকে পাইকগাছা-খুলনা রুটের কোন না কোন বাস। ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজটের।


পাইকগাছা থেকে ছেড়ে আসা অন্য কোন বাস, দাড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করার উপক্রম না করলে বাস ছাড়ার কোন লক্ষণ দেখা যায় না। পরের বাস ১০ মিনিট/ ২০ মিনিট/ ৩০ মিনিট যত দেরিতেই আসুক না কেন, কিছুই যেন আসে যায় না বাস শ্রমিকদের।


ছবি তুলেছেন :: এ. কে আজাদ

পাঁচারকালে রোহিঙ্গা তরুণীসহ ২ মাওলানা আটক; একজনের বাড়ি পাইকগাছায়

ত্রাণ বিতরণের নামে রোহিঙ্গা ক্যাম্পে আসা দুই মাওলানা এক সুন্দরী রোহিঙ্গা তরুণীকে পাঁচারকালে ধরা পড়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা শিবির থেকে ওই সুন্দরী তরুনীকে কক্সবাজারের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।


শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন সেনাবাহিনীর চেকপোস্টে হাতে-নাতে ধরা পড়েন রোহিঙ্গা তরুণীসহ মওলানাদ্বয়। 

পরে ধৃতদের সেনাবাহিনীর সদস্যরা উখিয়া থানার পুলিশের নিকট সোপর্দ করেন। পুলিশ থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা তরুণীকে ছেড়ে দিলেও ভ্রাম্যমান আদালত আটক হওয়া ২ মওলানাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিত মাওলানাদ্বয় হলেন, পাইকগাছা উপজেলার বেতবুনিয়া এলাকার ফাতেউল সরদারের ছেলে মাওলানা মোঃ হারুন অর রশিদ (৩৬) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে মুফতি মাওলানা রফিকুল ইসলাম (৩৭)। আটক বালুখালী ১নং রোহিঙ্গা বস্তির তরুণী খালেদা বেগমকে (২০) তার পিতার জিন্মায় ছেড়ে দেয়া হয়েছে। 

কক্সবাজারের জেলা প্রশাসক জানান, রোহিঙ্গা শিবিরে এসব ‘ধান্দাবাজ ত্রাণদাতা’দের উপ্রদব এত ব্যাপকভাবে বেড়ে গেছে যে, আমরা তাদের সামাল দিতে রীতিমত হিমসিম খাচ্ছি। তিনি জানান, দেশের নানা প্রান্ত থেকেই এরকম ‘ধান্দাবাজ’ ব্যক্তিরা নানা সংগঠনের নাম ব্যবহার করে রোহিঙ্গাদের সেবার নামে আসছে।

বাস্তবে খোঁজ নিয়ে দেখা যায়, প্রকৃত ত্রাণদাতাদের চাইতে এরকম রোহিঙ্গা নারীর সন্ধানে আসা লোকের সংখ্যাই বেশি। জেলা প্রশাসক বলেন, এর আগেও ত্রাণ দেয়ার নামে শিবিরে ঢুকে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়েছিল। তাদেরও বেশির ভাগ নিজেদের আলেম-ওলামা পরিচয়ধারি ব্যক্তি বলে জানান জেলা প্রশাসক।

কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন জানিয়েছেন, আটক মাওলানাদ্বয় সর্ম্পকে আমি তাদের স্ব স্ব এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা দুইজনই বিবাহিত। তাদের উভয়েরই ঘর-সংসার থাকা সত্বেও এই রোহিঙ্গা তরুণীকে ফুসলিয়ে কক্সবাজার শহরের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি জানান, ইতিমধ্যে এরকম নারীসহ মানব পাচারকারী ও মাদক পাচারকারীসহ নানা অপরাধে ৫ শতাধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

Sunday, December 3, 2017

ঢাকাস্থ পাইকগাছা সমিতির যুগপূর্তি অনুষ্ঠান আগামী ৯ ডিসেম্বর

সময়ের হিসেবে দীর্ঘ এক যুগ পার করতে চলেছে ঢাকাস্থ পাইকগাছা সমিতি। 'পাইকগাছার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ' - এমন স্লোগান নিয়ে ১২ বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকায় বসবাসকারী পাইকগাছা উপজেলার সন্তানদের নিয়ে গঠিত সংগঠনটি।

যুগপূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকার তোপখানা রোডের বিএমএ অ‌ডি‌টো‌রিয়ামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।


সমিতির যুগপূর্তি অনুষ্ঠান জাকজমকপূর্ণ করে তুলতে আয়োজন চলেছে জোরেসোরে। ইতোমধ্যে শুরু হয়েছে সদস্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম। আগ্রহী যে কেউ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে অংশগ্রহণ করতে পারেন এই অনুষ্ঠানে।

আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তুহিন পারভেজ।

নিবন্ধনসহ যে কোন প্রয়োজনে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন পাইকগাছা সমিতির সভাপতি জিএম কেরামত আলী ও সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার।

০১৭১৬-৬০১৪৫৮ || ০১৭২৭-৫৪৯৫৯৭
০১৯১৬-০৩৯৭৬৬ || ০১৭১৩-২৪৩৫৬৫

(নিবন্ধন চলবে ৫ ডি‌সেম্বর পর্যন্ত)