Friday, November 8, 2013

ভারতের ইটভাটায় পাইকগাছার শ্রমিককে হত্যার অভিযোগ

পাইকগাছার রফিকুল গাজী নামে এক শ্রমিককে ভারতের ইটভাটায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থ সংক্রান্ত ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবী করলেও মৃত্যুর বিষয়টি স্থানীয় প্রশাসন এখনও নিশ্চিত করতে পারেনি। এ ঘটনার বিচার চেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা প্রতিদিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার গড়ুইখালী ইউপির ফকিরাবাদ গ্রামের এরফান গাজীর ছেলে রফিকুল গাজী (৫০) ও তার স্ত্রী হেমেলাসহ ৮/১০ জন শ্রমিকসহ একই এলাকার ওহাব, তার স্ত্রী হাসিনা ও ছেলে নাজমুল দেড় মাস আগে প্রতিবেশি দেশ ভারতের কলকাতার হাওড়ার আকরঘাটা নামক সালমানের ইট ভাটায় কাজ করতে যায়।

গত শনিবার সকালে রফিকুলের মৃতদেহ দেখতে পেয়ে ইট ভাটার লোকজন তার স্ত্রী ও ভাটার কাজের ঠিকাদারকে খবর দেয়। রফিকুলের স্ত্রী হেমেলা জানান শনিবার ভোর রাতে নাজমুল তার স্বামীকে কাজের কথা বলে ডেকে নিয়ে যায় এবং সকালের দিকে স্বামীর মৃতদেহ ইট ভাটার কাঠের গুদামে ঝুলানো অবস্থায় পাওয়া যায় বলে জানান। এ ঘটনার পর ভয়ে হেমেলা ঠিকাদার কওছারের সহায়তায় গত সোমবার বৈকারী সীমান্ত পার হয়ে দেশে ফিরে এসে পরিবারের সদস্যদের নিকট সমস্ত ঘটনা খুলে বলে।

রফিকুলের ভাই শফিকুল জানান কাজের কথা বলে তার ভাই ও ভাই বৌকে একই এলাকার নাজমুল ও তার পিতা ওহাব ভারতের একটি ইট ভাটায় নিয়ে যায়।

এদিকে বিচারের আশায় মৃত্যের বৃদ্ধ ভাই শফিকুল গাজী, বাকরুদ্ধ স্ত্রী হেমেলা, ছেলে হাফিজুর সহ পরিবারের লোকজন প্রতিদিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত না করে কিছু বলা সম্ভব নয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

এ আই এন প্রকল্পের পরিবেশবান্ধব চিংড়ী চাষ পদ্ধতির সফলতা

চিংড়ী শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও বর্তমানে তা ক্ষতির সম্মুখীন। এ শিল্পকে বাঁচাতে এবং মানসম্মত চিংড়ী উৎপাদন করার লক্ষ্যে ইউএসএআইডি এর অর্থায়নে ওয়াল্ড ফিস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত অ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন (এআইএন) প্রকল্প। 

২০১২ সাল থেকে ঘেরে পরিবেশবান্ধব চিংড়ীচাষ ও পাড়ে সবজি চাষ ব্যবস্থাপনার পাইকগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বৈদ্যনাথ ধরের পুত্র পরিতোষ ধর বিগত বছর গুলোতে চিংড়ী চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়।

তিনি কৃষ্ণনগর গ্রামের চিংড়ী চাষীদের সাথে সদস্য হয়ে আগ্রহের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চাষীদেরকে অধিক উৎপাদনও পাড়ে সবজিচাষ করার জন্য বাস্তব উপকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরিতোষ ধর অর্জিত জ্ঞান, মাটি ও পানির গুনাগুন, মজুদ, ঘনত্ব ঠিক রাখা, পোনা অভ্যস্ত করা, তলার পঁচা কাদা-মাটি তুলে ফেলা, অতিরিক্ত আগাছা অপসারণ এবং ভাইরাসমুক্ত পোনা ব্যবহার করে বিগত বছরের তুলনায় ৩ গুন বেশী বাগদা চিংড়ী উৎপাদন করতে সক্ষম হয়েছে।

তিনি ২৪৫ শতক ঘের থেকে এ পর্যন্ত প্রায় ৭০০ কেজি বাগদা এবং ৬০০ কেজি সাদা মাছ পেয়েছেন। তিনি আরো ৭০-৮০ হাজার টাকার মাছ পাবেন বলে আশাবাদি। অস্থায়ী নার্সারী ও খাদ্য ব্যবস্থাপনার উপর যথাযত প্রশিক্ষণ নেওয়ায় সাফল্য এসেছে বলে তিনি জানান। চিংড়ী মান উন্নয়নে এআইএন প্রকল্পের সাথে জড়িত সকল কর্মকর্তাকে এ কার্যক্রম আরো দীর্ঘায়িত করার জন্য অনুরোধ জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার থেকে টানা ৩ দিন হরতার শুরু হওয়ায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষনা করেছি। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি নোটিশ বোর্ড ও গনমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।