Tuesday, November 19, 2013

রবিবার থেকে সপ্তাহব্যাপী হরতাল !

হরতাল আসছে দীর্ঘ মেয়াদে ! আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক নিয়ে যদি কোন ইতিবাচক সাড়া না পেলে তার দল ও জোট টানা হরতালের ঘোষণা দেবেন।

দলীয় সূত্রমতে, ইতিমধ্যে জোটের নীতি-নির্ধারণ মহলে আগামী রোববার থেকে বৃহস্পতিবার টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এজন্য কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কর্মীদের এলার্টও করা হয়েছে। হরতালের ঘোষণাটি আগামী বৃহস্পতি বা শুক্রবারে দেয়া হতে পারে।

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানক্ষেত থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
 
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুল’এর গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে।

এসময় চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দক্ষিন সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিন সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানক্ষেত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।

মহিলা ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়রা উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু’র দায়ের করা ৫ লাখ টাকার চেক ডিসঅনার মামলায় আদালত ওই নির্দেশ দেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি পুলিশের হাতে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-জমা বিক্রয় সম্পর্কিত লেনদেনে উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলম গত ৩০ এপ্রিল ৫ লাখ টাকার একটি চেক দেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মঞ্জুর আলম নান্নুকে। ব্যাংকের ওই হিসাবে টাকা না থাকায় গত ১৯ আগস্ট চেকটি ডিসঅনার হয়। এরপর মঞ্জুর আলম নান্নু বিভিন্নভাবে উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আলমের সাথে এবিষয়ে যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর তাকে লিগ্যাল নোটিশ দেন এ্যাডঃ নান্নু। আইনী প্রক্রিয়ায় লিগ্যাল নোটিশের উত্তর না দিয়ে বিভিন্ন মাধ্যমে মঞ্জুর আলম নান্নুকে ভয়ভীতি দেখান তিনি। গত ১০ অক্টোবর কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুর আলম নান্নু (যার সি আর ৩২৫/১৩)। একপর্যায়ে আদালত নাসিমা মামুনের বিরুদ্ধে সমন জারি করে। মঙ্গলবার স্বশরীরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে হাজির হবার নির্দেশনা থাকলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কয়রা থানার ওসি মোঃ ফজলুর রহমান বলেন, এ ধরণের নির্দেশনা আমার হাতে এখনো পৌঁছায়নি। আদালতের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।