Wednesday, November 27, 2013

পাইকগাছায় দুই জামাত নেতা আটক

পাইকগাছায় দুই জামাত নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাশকতার আশঙ্কায় থানা পুলিশ গদাইপুর এলাকা থেকে গদাইপুর ইউনিয়ন জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক আব্দুর রহমান সরদারকে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি মশিউর রহমান জানান।

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে সশস্ত্র ডাকাতির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালে দকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র মোবারক ফকির (২৮) কে কামিনিবাসিয়া এলাকা থেকে আটক করে। আটক মোবারককে বুধবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের ভ্যাকটমারীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। প্রায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির মালিক ও অন্যান্য লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকার লুট করে।

এ ঘটনায় ইউপি সদস্য গাজী মুজিবর বাদী হয়ে এদিন রাতে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। এদিকে ঘটনার ১ দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ জনকে আটক করেছে। আটক মোবারকের রিমান্ড আবেদন মঞ্জুর হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই জালাল জানান।

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার সকালে গড়ুইখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রধান অতিথি ছিলন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, উপস্থিত ছিলেন ইউপি সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।