Thursday, November 28, 2013

পাইকগাছায় সাবেক কমিশনার গাজী আব্দুর সালাম আটক

পাইকগাছায় সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে থানা পুলিশ। 

নাশকতার আশংকায় বুধবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা গাজী আব্দুর সালামকে আটক করেছে।

খুলনা-৬ আসনে আ.লীগের মনোনয়ন পাচ্ছেন অ্যাডঃ নুরুল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী শনিবার দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হবে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল হক এগিয়ে রয়েছেন। তাছাড়া আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটেও তিনি এগিয়ে ছিলেন।

তাই খুলনা-৬ আসন থেকে অ্যাডভোকেট নুরুল হক মনোনয়ন পাচ্ছেন বলে সূত্র অনেকটা নিশ্চিত করেছে। তবে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীর রদবদলও হতে পারে।
 
বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে। 

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

আবারো শুক্র থেকে সোম টানা অবরোধ !

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আবারো টানা অবরোধের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা যাতে মনোনয়নপত্র দাখিল করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ১৮ দল।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী সোমবার এবং আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বৈঠক সূত্রে জানা যায়, দুই দিনের অবরোধের পরও তফসিল স্থগিত করা না হলে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রতিহত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ।

তবে অবরোধ কর্মসূচি চলায় মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখা হতে পারে বলে মনে করছে ১৮ দল। তাই শুক্রবারকেও অবরোধের আওতায় রাখতে চায় তারা। সে লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশব্যাপী আবারো টানা অবরোধের কর্মসূচি দেয়ার ব্যাপারে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত হয়।