Thursday, December 12, 2013

সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়

আমরা পেরেছি বাঙালি জাতির ললাট থেকে কলঙ্কের একটি কালি মুছে দিতে। হ্যা, আমরা পেরেছি। আমার এই উল্লাস কোনো তথাকথিত জামায়াতের আমির কাদের মোল্লার ফাঁসির জন্য নয়। এই উল্লাস একজন যুদ্ধাপরাধী পৈশাচিক ব্রত্তের অধিকারী পিশাচের রুদ্ধশ্বাসে স্বাধীন বাংলার কোটি কোটি মানুষের চাঁপা ক্রন্দন অবমুক্ত করার উল্লাস।

আমার উল্লাস একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার পরিবারের মত লক্ষ লক্ষ পরিবারের মুক্তির নিঃশ্বাসের উল্লাস। আজ হয়তো আমার মুক্তিযোদ্ধা বাবা তাঁর শহীদ পিতার আত্মত্যাগের প্রতিদান পেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবে। আজ হয়তো আমার ছোট্ট ছোট্ট চাচা আমার ফুপিদের মতো লক্ষ লক্ষ মানুষ একটু হলেও তাদের অবুঝ ছেলেবেলায় হারানো পিতার স্নেহ খুজে না পাওয়ার দুঃখ ভুলতে পারবে।

মাতৃগর্ভে থাকা আমার ছোট ফুপি সাবিনা ইয়াসমিন মালা, যে কোনদিন বোঝেইনি বাবার স্নেহ কি, তাঁর মতো অনেক অতৃপ্ত প্রান আজ একটু হলেও সান্তনা পাবে। আজ হয়তো একটু হলেও তৃপ্ত হবে বীরাঙ্গনা গুরুদাসীর অতৃপ্ত বাসনা।

আমরা পেরেছি মা, দেরীতে হলেও আমরা প্রমান করেছি বাঙালি অকৃতজ্ঞ নয়। তোমার শহীদ সন্তানদের রক্তের মূল্য, লক্ষ লক্ষ নির্যাতিতা মা-বোনের উজাড় করা আত্মত্যাগের মূল্য দিতে আমরা পেরেছি।

১২/১২/১৩, তোমার বিদায় লগ্নে সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়।

লেখাটি আমাদের পাঠিয়েছেন: ফারহানা সুলতানা আইভী

পাইকগাছায় গাছ ফেলে ২ কিলোমিটার সড়ক অবরোধ

পাইকগাছায় হরতাল ও অবরোধ সমর্থনে ১৮ দলীয় জোট সমর্থকরা প্রায় ২ কিলোমিটার প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ অপসারণ করা হয় বলে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠ দিনের অবরোধ ও জামায়াতের ডাকা ৪র্থ দিনের হরতাল সমর্থনে জোটের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে উপজেলার সলুয়া থেকে মাহমুদকাটি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক বড় বড় গাছ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে।

এ খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ গাছগুলি সরিয়ে ফেলার মাধ্যমে অবরোধ অপসারণ করে।

পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা বৃহস্পতিবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে সভাপতি গাজী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ রশিদ, মোঃ আমজাদ হোসেন, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, এম মোসলেম উদ্দিন, আব্দুল মজিদ, জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, খাইরুল ইসলাম, রবিউল ইসলাম, আলাউদ্দিন রাজা, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, এসএম বাবুল আক্তার ও প্রমোথ রঞ্জন সানা। সভায় কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট প্যানেল কমিটি গঠন করা হয়।