Friday, December 13, 2013

পাইকগাছায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরপরই পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রধান সড়কের বিভিন্নস্থানে গাছ ফেলে, বাঁধ দিয়ে ও রাস্তা কেটে ফেলায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার দিনগত রাতে দুবৃত্তরা এ তান্ডবলীলা চালায়। এসব ঘটনায় উদ্বিঘ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা উপজেলা।

জানা যায়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের খবর বৃহস্পতিবার রাত ১০ টার পর বিভিন্ন গণমাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে এদিন রাতভর দুর্বৃত্তরা এলাকায় তান্ডবলীলা চালায়।

প্রাপ্ত খবরে জানাগেছে, দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের ব্যবসায়ী রমেশের ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকানঘর ও বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়, সরল বাজারের আলাউদ্দিন গাজীর কাপড়ের দোকানে অগ্নি সংযোগের চেষ্ঠা করে বলে এলাকাবাসীরা জানায়।

এছাড়াও নতুন বাজারের নির্মল অধিকারীর কম্পিউটারের দোকান, প্রদীপ রায়ের কসমেটিকনের দোকান, হাকিম বোরহান উদ্দিনের হার্বালের দোকানসহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে দুর্বৃত্তরা মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়ক কেটে দেয়, মাটি দিয়ে উঁচু বাঁধ দেয় এবং অসংখ্য গাছপালা কেটে ফেলে রাখায় পাইকগাছা-খুলনা সড়কটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে ব্যবসায়ী প্রদীপ রায় জানান দুর্বৃত্তরা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ভাংচুর করার পাশাপাশি লুটপাটও করেছে। শুক্রবার সকাল থেকেই গাছপালা সরিয়ে ফেলার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্ঠা চলছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

Thursday, December 12, 2013

সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়

আমরা পেরেছি বাঙালি জাতির ললাট থেকে কলঙ্কের একটি কালি মুছে দিতে। হ্যা, আমরা পেরেছি। আমার এই উল্লাস কোনো তথাকথিত জামায়াতের আমির কাদের মোল্লার ফাঁসির জন্য নয়। এই উল্লাস একজন যুদ্ধাপরাধী পৈশাচিক ব্রত্তের অধিকারী পিশাচের রুদ্ধশ্বাসে স্বাধীন বাংলার কোটি কোটি মানুষের চাঁপা ক্রন্দন অবমুক্ত করার উল্লাস।

আমার উল্লাস একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার পরিবারের মত লক্ষ লক্ষ পরিবারের মুক্তির নিঃশ্বাসের উল্লাস। আজ হয়তো আমার মুক্তিযোদ্ধা বাবা তাঁর শহীদ পিতার আত্মত্যাগের প্রতিদান পেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবে। আজ হয়তো আমার ছোট্ট ছোট্ট চাচা আমার ফুপিদের মতো লক্ষ লক্ষ মানুষ একটু হলেও তাদের অবুঝ ছেলেবেলায় হারানো পিতার স্নেহ খুজে না পাওয়ার দুঃখ ভুলতে পারবে।

মাতৃগর্ভে থাকা আমার ছোট ফুপি সাবিনা ইয়াসমিন মালা, যে কোনদিন বোঝেইনি বাবার স্নেহ কি, তাঁর মতো অনেক অতৃপ্ত প্রান আজ একটু হলেও সান্তনা পাবে। আজ হয়তো একটু হলেও তৃপ্ত হবে বীরাঙ্গনা গুরুদাসীর অতৃপ্ত বাসনা।

আমরা পেরেছি মা, দেরীতে হলেও আমরা প্রমান করেছি বাঙালি অকৃতজ্ঞ নয়। তোমার শহীদ সন্তানদের রক্তের মূল্য, লক্ষ লক্ষ নির্যাতিতা মা-বোনের উজাড় করা আত্মত্যাগের মূল্য দিতে আমরা পেরেছি।

১২/১২/১৩, তোমার বিদায় লগ্নে সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়।

লেখাটি আমাদের পাঠিয়েছেন: ফারহানা সুলতানা আইভী

পাইকগাছায় গাছ ফেলে ২ কিলোমিটার সড়ক অবরোধ

পাইকগাছায় হরতাল ও অবরোধ সমর্থনে ১৮ দলীয় জোট সমর্থকরা প্রায় ২ কিলোমিটার প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ অপসারণ করা হয় বলে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠ দিনের অবরোধ ও জামায়াতের ডাকা ৪র্থ দিনের হরতাল সমর্থনে জোটের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে উপজেলার সলুয়া থেকে মাহমুদকাটি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক বড় বড় গাছ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে।

এ খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ গাছগুলি সরিয়ে ফেলার মাধ্যমে অবরোধ অপসারণ করে।