Saturday, June 22, 2013

সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে মাধ্যমিক উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা

পাইকগাছার মঠবাটি সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে মঠবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি প্রজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার তাপস কান্তি মন্ডল, পীযুষ কান্তি সাধু, পাইকগাছা সৎসঙ্গের সাধারন সম্পাদক মুক্তি পদ মন্ডল এস পি আর, উজ্জ্বল মন্ডল এস পি আর। প্রধান বক্তা ছিলেন সাতীরা জেলা সৎসঙ্গ কেন্দ্রের উপদেষ্ঠা ডাঃ কালিচরন মন্ডল এস পি আর। বিল্পব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সুভাষ দেবনাথ, নারায়ন মন্ডল, পরিতোষ বিশ্বাস, গোষ্ট বিহারী বিশ্বাস, পরমানন্দ ঢালী, ডাঃ নিরাপদ কবিরাজ, পূনবান মল্লিক, তীর্থংকর বিশ্বাস, কুমকুম মন্ডল। অনুষ্ঠানে ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধ্বসে পড়া স্লুইচ গেট ও বাঁধ মেরামত

পাইকগাছায় ধ্বসে পড়া স্লুইচ গেট লস্কর ইউপি চেয়ারম্যানের স্ব-উদ্যোগে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামতের কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। প্রতিদিন প্রায় ৫০/৬০ জন লোক তিন দিন যাবৎ মেরামতের কাজ করে যাচ্ছে। তবে এটি এখনও ঝুকিমুক্ত নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জমান তুহিন জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ স্থানে বাঁশ, কাঠ, বালু ও মাটি দিয়ে মেরামতের চেষ্ঠা অব্যহত রয়েছে। আরো কয়েকদিন লাগবে বাঁধ মেরামত করতে। তবে এটি আশংকমুক্ত নয়। তিনি আরো জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করলেও তারা গত কয়েকদিনে কোন ব্যবস্থা গ্রহন করেনি। তবে আপাতত স্লুইচ গেট ও বাঁধ সংস্কার করা সম্ভব হলেও এটি স্থায়ী কোন ব্যবস্থা নয়।

এদিকে দ্রুত গেটটি ও বাঁধ সংস্কার করা না হলে যেকোন মুহুর্তে উপজেলার লস্করের আলমতলা, খড়িয়া, চাঁদখালী ইউপি ও গড়ইখালী ইউপির সুড়িখালী, বাইনবাড়ী, কুমখালীসহ পার্শ্ববতী কয়রা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার চিংড়ী ঘের ও হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসলসহ ব্যাপক ক্ষতি হতে পারে।

পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল্লাহ মজুমদার জানান, স্লুইচ গেটটি ষাট এর দশকে নির্মিত হওয়ায় বর্তমানে ধারন ক্ষমতা না থাকায় এ দুর্দশার সৃষ্টি হয়েছে। বরাদ্দ না থাকায় এই মুহুর্তে সংস্কার বা পূনঃনির্মাণ করা সম্ভব নয়। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় এমপির সুপারিশক্রমে সংশ্লিষ্ঠ দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে।

কপিলমুনি প্রেসক্লাবে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শুক্রবার সকাল ১০টায় সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে কপিলমুনি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী। আর এ শপথ গ্রহনের মধ্যদিয়ে কপিলমুনি প্রেসক্লাব তার ঐতিহ্যের ধারাবাহিকতায় ২০১৩-২০১৫ সাল পর্যন্ত দু’বছর মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার পেল।

উল্লেখ্য, কার্যকরী পরিষদের ৯টি পদে একটি করে মনোনয়ন পত্র ক্রয় করে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন প্রার্থীরা। এরপর গতকাল শুক্রবার নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ শহর আলী গাজী, সহকারী নির্বাচন কমিশনার ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ এবং মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কার্যকরী পরিষদের নব-নির্বাচিত সভাপতি শেখ সালাম, সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম মহব্বত। এ সময় উপস্থিত সদস্যবৃন্দ সুষ্ঠভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করায় নির্বাচন কমিশনারসহ নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।