Wednesday, June 26, 2013

শিশু ধর্ষণের ঘটনায় সংবাদ সম্মেলনে বিধবা সুফলা শীল

পাইকগাছার কপিলমুনি গণশৌচাগারে শিশু ধর্ষণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদকে পুঁজি করে একটি স্বার্থনেষী মহল বিধবা মহিলার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বিধবা সুফলা শীল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী কিনা শীল মারা যাওয়ার পর ৩/৪ মাস যাবৎ তিনি কপিলমুনি বণিক সমিতি সংলগ্ন স্বামীর চা’পট্টির দোকানটি পরিচালনা করে আসছেন। মাঝে মাঝে তার স্কুল পড়ুয়া ১০ বছরের ছোট মেয়েটি তার চায়ের দোকানে সহযোগিতা করে। বিষয়টি স্বার্থনেষী মহল সুনজরে দেখছে না।

গত ৭ জুলাই বাজারের গণশৌচাগারে শিশু ধর্ষণের মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট নাটকের সৃষ্টি করে কুচক্রী মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। এ ব্যাপারে তিনি প্রকৃত সত্য ঘটনা উৎঘাটন করে প্রকাশ ও কুচক্রী মহলের হাত থেকে তার চা’পট্টির দোকান রক্ষায় প্রশাসনরে হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে সুফলা শীলের পুত্র কৃষ্ণ শীল ও মোকন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাইকগাছার মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ সাতক্ষীরায় আটক

সাতক্ষীরা থানাপুলিশ ৩০ বোতল ফেনসিডিলসহ পাইকগাছার আলোচিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সঞ্জীব দীর্ঘদিন ধরে ডায়াগনষ্টিক ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে ইতোপূর্বে একাধিক অভিযোগ রয়েছে।

থানাপুলিশ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পাইকগাছা উপজেলার সৈকত ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী সঞ্জীব ও তার অপর ৩/৪ সঙ্গী দু’টি মটরসাইকেলযোগে সাতক্ষীরা সীমান্ত থেকে ফেনসিডিল ক্রয় করে বাড়ী ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার সদর পুলিশ তাদেরকে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পাকড়াও করলে অন্যান্যরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী সঞ্জীবকে ৩০ বোতল ফেনসিডিলসহ পুলিশ আটক করে। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে এএসআই শফিক জানান।

পাইকগাছায় নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি; পৌর বাজার প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পাইকগাছায় নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় পৌর বাজারসহ বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

জানা যায়, নিুচাপের প্রভাবে গত দু’তিনদিন যাবৎ পূর্ণিমার প্রবল জোয়ারের পানি বাঁধ উপচে এলাকায় প্রবেশ করছে। ওয়াপদার বাইরে অসংখ্য ছোট ছোট চিংড়ী ঘের প্লাবিত হয়ে নদীর সাথে একাকার হয়ে গেছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে শিবসা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের উপচে পড়া পানি পৌর বাজারে প্রবেশ করে মাছ মার্কেট, পোনা মার্কেট, কাঁকড়া মার্কেট, থানা চত্ত্বরসহ কয়েকটি মার্কেট পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

পৌর এলাকায় শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিনিয়ত এ ধরনের দূর্যোগ মোকাবেলা করতে হয় বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। পৌর শহরকে রক্ষা করতে অবিলম্বে শিবসা নদীর ধারে ফ্লাড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছে এলাকাবাসী।