Sunday, December 29, 2013

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার ৮৯.৯৪%

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৮৯.৯৪% ছাত্রছাত্রী।

১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২০৮ হাজার জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

গত বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার বেড়েছে তিন শতাংশ পয়েন্টের মতো।

জেএসসি-জেডিসিতে গত বছর ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এর মধ্যে জেএসসিতে ৪৪ হাজার ১৫৮ জন এবং জেডিসিতে ২ হাজার ৭৮৪ জন পেয়েছিল পূর্ণ জিপিএ।

বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর পর বেলা ২টা থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেডিসির ফল পেতে একইভাবে JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। একই কারণে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা। ফলে ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর। তবে এবারো ঘোষিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হলো।

Saturday, December 28, 2013

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহবান

দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সহিংসতারোধে রাজনৈতিক দলগুলোসহ সকল নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোকের খুলনা জেলা পাবলিক পলিসি ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের জেলা সদস্য সচিব শেখ মাসুম স্বাক্ষরিত পত্রে জানান, দেশে বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে বজায় রাখতে কোন প্রকার সহিংসতা কাম্য নয়। এমন রাজনৈতিক পরিবেশ থাকতে হবে যেখানে সকল পক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।

সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিদ্যমান রাখতে সকল দল মতের উর্দ্ধে থেকে নারী-শিশুসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের উপর সকল প্রকার রাজনৈতিক সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

পাইকগাছায় মুক্তিপণের বিনিময়ে অপহৃত ঘের ব্যবসায়ী উদ্ধার

পাইকগাছায় অবশেষে অপহৃত ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে তার বাড়িতে ফেরত দিয়ে গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসীরা গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ব্রজেন মন্ডলের বাড়িতে ডাকাতি শেষে ব্রজেনকে অপহরণ করে নিয়ে যায়। অবশেষে অপহরণের ৩ দিন পর তার পরিবারের লোকজন মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে শুক্রবার সকালে ব্রজেন বাড়িতে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার।