Wednesday, January 1, 2014

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত

পাইকাগাছায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ও পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা চত্ত্বরে পৃথক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও যুব ও তরুনদের উদ্যোগে পাইকগাছা কলেজ ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে, আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডার গার্টেন চত্ত্বর, সরল কালিবাড়ি চত্ত্বর, পৌর বাজার চত্ত্বর ও সরল দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নতুন বছরের প্রথম প্রহরে নৈশ ভোজের আয়োজন করা হয়।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক আবু সাবাহ, প্রভাষক পিন্টুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Tuesday, December 31, 2013

পাইকগাছায় নতুন স্কুল ভবনের নির্মাণকাজ শুরু

সরকারের শেষ মেয়াদে পাইকগাছায় কপিলমুনি ইউপি’র ১০ নং জিপি চিনেমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ৫৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ভবনের কাজ গতকাল বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দীপক মন্ডল ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিনসহ এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্মাণকাজ শুরু হয়েছে।

এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পবিত্র কুমার দাশ, সহকারী শিক্ষক মুকুন্দ বসু, উজ্জ্বল মন্ডল ও সুকুমার ঢালীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পাইকগাছায় নিয়মিত মামলার আসামী আটক

পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গড়ুইখালী ইউপি’র সুড়িখালী বাজার থেকে এসআই খালেক বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহায়াতায় মামলার ১নং আসামী রফিকুল গাজীকে আটক করে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গড়ুইখালীর মোসলেম সানার পুত্র সালমিন সানা ব্যবসায়ীক উদ্দেশ্যে মটরসাইকেলযোগে কপিলমুনি আসছিলেন। পথিমধ্যে ইউপি পরিষদ ভবনের সামনে পৌছালে একই এলাকার মোমিনগাজীর পুত্র রফিকুল গাজী, ইকরাম গাজীর পুত্র লিটন ও আতাউল গাজীর পুত্র জনি স্বদলবলে সালমিনকে ব্যাপক মারপিট করে আহত করে। বর্তমানে সালমিন খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সালমিন এর পিতা মোসলেম সানা বাদী হয়ে রফিকুল, লিটন ও জনিসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ১জনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালেক জানিয়েছেন, আটক রফিকুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।