Tuesday, January 14, 2014

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আস্সালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ (সাঃ), আস্সালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ (সাঃ)। আজ এমন একদিন যে দিন বিশ্ব মানবের ইতিহাসে আলোকিত দিন।

আজ থেকে চৌদ্দশত বছর আগে এক আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে পবিত্র মক্কার বিখ্যাত কোরাইশ গোত্রে সুবেহ সাদিকের সময় মা আমিনার কোলে আবির্ভূত হন বিশ্বমানবতার মহান দূত, মানব মুক্তির দিশারী, নবীকূল শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সাঃ)। আবার ৬৩ বছর বয়সে এ দিনেই তিনি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

তাঁরই আবির্ভাবের মধ্য দিয়ে মানব জাতির প্রকৃত মুক্তির দিশা সূচিত হয়। ছোট কাল থেকে তিনি আল আমিন বা বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেন। তাঁর চারিত্র্যিক মাধুর্য, মানুষের প্রতি তাঁর অকৃত্রিম দরদ জগতে আজও যেমন অদ্বিতীয় তেমনি ইহজগতে এবং পরজগতে কারও থাকবে না।

চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াতপ্রাপ্ত হন এবং মহান আল্লাহর বাণী পবিত্র কোরাআন নাযিল হয় তাঁর উপর। নবুয়াত প্রাপ্তির পর থেকে ওফাত পর্যন্ত সমগ্র জীবন তিনি মহান আল্লাহ পাকের বাণী নিজের জীবনে পরিপূর্ণরূপে ধারণ, পালন, প্রচার, একত্ববাদের প্রতিষ্ঠা এবং শান্তিময় বিশ্ব স্থাপনে, সমাজ ও ব্যক্তি জীবনের মহান আদর্শ স্থাপনে কাজ করে গেছেন। মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি, শান্তির পথ প্রদর্শন করে গেছেন। সব কাজে, সব ক্ষেত্রে কেবলমাত্র মহান আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করা, তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি পরম দয়ালু, দাতা, ক্ষমাকারী, তিনি পরাক্রমশীল, সমস্ত শক্তির সর্বময় ক্ষমতার অধিকারী-এ শিক্ষা, এ মহান সত্যের প্রতি ডাক দিয়েছেন। মহান আল্লাহ পাকের দীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তেইশ বছরের নবুয়াতির জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন কেয়ামত পর্যন্ত তা-ই মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মাধ্যমে তাঁকে রহমাতুল্লে আল আমিন রূপে প্রেরণের ঘোষণা করেছেন। মহান আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন এবং রাসূলে পাক(সাঃ) এর হাদীস কেয়ামত পর্যন্ত মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির একমাত্র অবলম্বন হয়ে থাকবে। আজ এ দিনে নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণ ও প্রতিপালন করেই একমাত্র ব্যক্তি, সমাজ এবং বিশ্বে শান্তি আসতে পারে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ মিডিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রচার করা হবে।

পাইকগাছায় টানা হরতাল অবরোধে ব্যাংক লেনদেন ব্যাহত

পাইকগাছায় টানা হরতাল ও অবরোধে সরবরাহ না থাকায় রাষ্ট্রীয়াত্ব ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে লেনদেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রাহকরা। হুমকির মুখে ব্যবসা বাণিজ্য। বেতনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর হতে অদ্যাবধি ১৮ দলীয় জোটের ডাকা টানা হরতাল অবরোধের কারণে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে ব্যাংকগুলোর। উপজেলা সদরে অবস্থিত সোনালী, রূপালী, জনতা, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকসহ প্রতিটি ব্যাংকেই একই সংকট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। গত দু’সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের কোন টাকা প্রদান করতে পারছেন না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

প্রদীপন সিঁড়ি প্রকল্পের ইনচার্জ কামরুন্নাহার জানান, ১৩ লাখ টাকা উত্তোলনের জন্য তিনি গত ১০দিন ধরে ব্যাংকে ধন্যা দিচ্ছেন। প্রকল্পের ৫শ ভূক্তভোগী প্রতিদিন অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, গত এক সপ্তাহে তিনি ১ লাখ টাকা উত্তোলন করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জানান, গত ১২ দিনের মধ্যে জানুয়ারী মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হয়নি। প্রায় দু’শ কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে বলে তিনি জানান। টানা হরতাল ও অবরোধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম জানান।

Friday, January 10, 2014

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব বৃহস্পতিবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মঠবাটি সরঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সুচির মধ্যে ছিল প্রাতঃকালিন প্রার্থনা, শিশু কিশোরদের বিচিত্রানুষ্ঠান, ভক্তিমুলক সংগীত, সাধারন সভা ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।

শিক্ষক মনোরঞ্জন শীলের সভাপতিত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের দিব্য জীবন ও বানীর উপর আলোচনা করেন শ্রী সুপদ চক্রবর্তী এসপিআর, রনজিত কুমার মল্লিক এসপিআর, শ্যাম লাল মন্ডল এসপিআর, উৎসব কমিটির সম্পাদক প্রজিত কুমার রায়, পরমানন্দ ঢালী, তাপস কান্তি সাধু, মদন সাধু, তাপস মন্ডল, শুকলা রাণী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি মুক্তিপদ মন্ডল এসপিআর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, ডাঃ নিরাপদ কবিরাজ, দুলাল বিশ্বাস, মনোজ বিশ্বাস, সুশান্ত সরকার, নারায়ন মন্ডল, গোষ্ট বিহারী বিশ্বাস, অজিতেশ সরকার, প্রভাষক সুফল কান্তি মন্ডল, কার্তিক চন্দ্র বিশ্বাস, জয়দেব নাথ, প্রীতিশ বিশ্বাস, ধর্মদান চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, শুকা রাণী মন্ডল।