Monday, January 20, 2014

পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন মেয়র সেলিম জাহাঙ্গীর

প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা


পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান।

উল্লেখ্য পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে ১.৫ কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ।

প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে ১৫০০ পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান।

পাইকগাছায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন।

গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Sunday, January 19, 2014

১৯ ফেব্রুয়ারি কয়রাসহ ১০২ উপজেলায় নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলাসহ দেশের মোট ১০২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে হবে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন যাচাই বাছাই হবে ২৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। উপজেলা পরিষদ আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দি আহমদ এই প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।