Wednesday, June 10, 2015

কয়রায় বেড়িবাঁধে ড্যাম্পিং ও ব্লক বসানোয় কমেছে নদী ভাঙন

নদী ভাঙনে প্রতিনিয়ত ছোট হচ্ছিলো কয়রার মানচিত্র


কয়রায় এক সময়কার অব্যাহত নদী ভাঙনে বিধ্বস্ত বেড়িবাঁধ বর্তমানে ড্যাম্পিংসহ প্লেসিং ব্লক বসানোর কারণে ভাঙনের তীব্রতা অনেকটা কমে গেছে। সর্বাধুনিক এ প্রযুক্তি ব্যবহারে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার পাউবোর বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কাটকাটা, খাসিটানা, জোড়শিং, পদ্মপুকুর, গাববুনি, গোলখালি, মদিনাবাদ, দশালিয়া, ৫ নং কয়রা, শেখেরকোনা, কালিবাড়ি, হড্ডা বেড়িবাঁধে ড্যাম্পিং করে ব্লক ফেলানো হয়েছে। এ সকল জায়গায় ব্লক বসানোয় নদী ভাঙন সিংহভাগ রোধ হয়েছে। সবচেয়ে ভাঙন কবলিত পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কাটকাটা বেড়িবাঁধে ৮০০ মিটার জায়গায় ১৪ কোটি টাকা ব্যয়ে ড্যাম্পিংসহ ব্লক ফেলানোর কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।

পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ড্যাম্পিংয়ের জন্য বস্তায় বালু ভর্তি করার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী শামীম আহসান। এ জন্য কর্তৃপক্ষের নিকট কিছুটা সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

পাউবোর সাতক্ষীরা জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে ড্যাম্পিং করায় নদী ভাঙন বহুলাংশে কমে গেছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে সকল ভাঙন কবলিত বাঁধে ড্যাম্পিং করা হবে।

পাইকগাছায় প্রতারক চক্রের খপ্পরে শিক্ষক; অর্ধলাখ টাকা খোয়া

পাইকগাছায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অর্ধলাখ টাকা খোয়া গেছে এক শিক্ষকের। মোটরসাইকেলের প্রলোভন দেখিয়ে বিকাশ’র মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছেন মোটা অংকের এ টাকা। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা (বিরাশি) গ্রামের আফছার আলী সরদারের ছেলে টিউটর শিক্ষক ও গ্রাম্য ডাঃ মিনাত আালী সরদার‘কে ঘটনার দিন একটি প্রতারক চক্র লটারীতে মোটরসাইকেল বেঁধেছে এবং মোটরসাইকেলটি রেজিষ্ট্রেশন করতে ০১৭৭০০৬৩৫৪৬ ও ০১৭৪৫৬৬২৬০৪ নং দুটি পার্সোনাল বিকাশ নম্বরে ৪৪ হাজার ৭৫০ টাকা হাতিয়ে নেন। 

পরবর্তীতে আরো টাকা দাবী করলে ভূক্তভোগী শিক্ষকের সন্দেহ হয় এবং এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এর আগেও এলাকায় এ ধরণের একাধিক ঘটনা ঘটেছে।

পাইকগাছায় ২ হাজার পিচ ইয়াবা‘সহ আটক ১

পাইকগাছায় র‌্যাব-৬ এর অভিযানে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর লেঃ কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিএডি নুরুল ইসলাম ও শাহাদাত হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের মৃত দুলাল চন্দ্র মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল (৩৭) কে হাতে-নাতে আটক করেন। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) শ্যামলাথ জানান।