Tuesday, June 25, 2013

আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করলেন ১০ ইউপি চেয়ারম্যান

পাইকগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বয়কট করলেন ১০ ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে।

সুত্রমতে, প্রতিমাসের ন্যায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চলতি জুন মাসের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতেই ইউপি চেয়ারম্যানরা বিগত কয়েকটি সভার এলাকার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসংগে থানাপুলিশের ভূমিকা জানতে চাইলে থানা পুলিশ সন্তোষজনক কোন উত্তর দিতে না পারায় তাৎক্ষনিকভাবে উপস্থিত সকল ইউপি চেয়ারম্যান একযোগে সভা বয়কট করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে সোলাদানা ইউনিয়নের একাধিক মামলার আসামী খালিয়ারচক গ্রামের গোলক চন্দ্র মন্ডলের গ্রেফতার, কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের লাচ্চু ওরফে হঠাৎ বাবু’র সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ, গদাইপুর ইউনিয়নের ছদ্মবেশি বাবুকে আটক, রাড়ুলী ইউনিয়নের ইভটিজিং মামলার বাদীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, লতা ইউনিয়নে সন্ত্রাসী কর্মকান্ড, ও তদন্ত ছাড়াই জনপ্রতিনিধির বিরুদ্ধে জনৈক পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রসিকিউশন প্রদান, এবং সর্বশেষ সম্প্রতি সন্ত্রাসী কর্তৃক লস্কর ইউনিয়ন পরিষদে হামলা ও ইউপি সদস্য এবং গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার না করার মত আলোচিত নানা বিষয় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিরোধ চলে আসছে।

এ ব্যাপারে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধের অভিযোগই সভা বয়কটের অন্যতম কারন বলে উপজেলা ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু জানান। এসব অভিযোগ বিষয়ে গত ৪ দিন পূর্বে হঠাৎ বাবুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং গোলক উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে বলে থানার ওসি শেখ আবু বকর সিদ্দিক জানান। খুব দ্রুত সময়ের মধ্যে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপর হামলাকারীকে আটক করা হবে বলে ওসি (তদন্ত) ওমর ফারুক জানান।

পাইকগাছায় স্ত্রীকে হত্যা করার অভিযোগে স্বামী আটক

পাইকগাছায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। থানাপুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের মৃত দুলাল সরকারের পুত্র হরিপদ সরকারের সাথে ১০/১২ বছর পূর্বে হরিণখোলা গ্রামের সুরোত চন্দ্র বেরাগীর কন্যা কাঞ্চন সরকারের বিবাহ হয়। ইতোমধ্যে তাদের পরিবারে দু’টি সন্তান রয়েছে।

ঘটনার দিন গত সোমবার দুপুরে হরিপদ বাজার থেকে বাড়ী ফেরার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী কাঞ্চনের সাথে কথাকাটির এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত হয়ে স্বামী হরিপদ মারপিট ও নির্যাতন করলে ঘটনাস্থলেই স্ত্রী কাঞ্চনের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করে। এ ঘটনায় কাঞ্চনের মা নীলা বৈরাগী বাদী হয়ে হরিপদকে আসামী করে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে পরেরদিন মঙ্গলবার সকালে পুলিশ ঘাতক স্বামী হরিপদকে আটক করে।

এ ব্যাপারে থানার এসআই খালেক জানান ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তার শরীরে ক্ষত চিহ্ন দেখে নির্যাতন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

পাইকগাছায় বিদ্যুতের তার ছিড়ে গৃহবধু আহত

পাইকগাছায় বিদ্যুতের তার ছিড়ে শরীরে স্পৃষ্ট হয়ে এক গৃহবধু আহত হয়েছে। আহতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জানাযায়, মঙ্গলবার সকালে উপজেলার বান্দিকাটি গ্রামের মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি নারিকেল গাছ পরিস্কার করার সময় গাছের একটি ডাব পাশে বিদ্যুতের জরাজীর্ন তারের উপর পড়লে মুহুর্তের মধ্যে তার ছিড়ে নীচে অবস্থান করা বাবলু গাজীর স্ত্রী মাহফুজা বেগম (৩৫) এর শরীরে স্পৃষ্ট হলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করে।